পিরোজপুরের কাউখালীতে ‘মাদকে না বলি, খেলাধুলায় অংশ নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে দিনব্যাপী মিনি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাউখালী সদর ইউনিয়নের আয়রন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সদর ইউনিয়নের চারটি গ্রামের চারটি দল জয়কূল, আয়রন, বড় বিড়ালজুরি ও মুক্তারকাঠী—অংশ নেয়।
সকাল থেকে দিনভর অনুষ্ঠিত খেলায় প্রতিটি দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিকেলে ফাইনালে মুখোমুখি হয় মুক্তারকাঠী একাদশ ও আয়রন একাদশ। জমজমাট লড়াইয়ে মুক্তারকাঠী একাদশ ১-০ গোলে আয়রন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
তারা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।



