চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুরে ডুবে মোহাম্মদ বিন মনির (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মাহারা নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফকির ও মাওলানা আশরাফ আলীর বাড়ি সংলগ্ন কাললো বড়ো পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বিন মনির ওই এলাকার প্রবাসী মো: মনিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ বিন মনির মাদরাসা থেকে বাড়িতে ফিরে দুপুরে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে কিভাবে সে পানিতে তলিয়ে যায় তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ সময় মাহারা নামে অপর এক শিশুও পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দু’জনকেই পুকুর থেকে উদ্ধার করেন। মাহারা নামে মেয়েশিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও মোহাম্মদের অবস্থা ছিল আশঙ্কাজনক।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত প্রথমে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, বসতবাড়ির আশপাশের পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরো সতর্ক নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো তথ্য দেয়া হয়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



