লালমনিরহাটের মোগলহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) দুপুরে এ দুর্ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতা চালালেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ দুই কিশোর হলো— শাওন (১৪) ও সাব্বির (১৬)। তারা দু’জন সদর উপজেলার মোগলহাট বাজার এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে। তারা মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা নদীর প্রবল স্রোতের মুখে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে মেহেদী তীরে ফিরে আসতে সক্ষম হলেও দুই ভাইকে আর খুঁজে পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পুরো মোগলহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সহোদরের সন্ধান না মেলায় স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও তাদের দ্রুত উদ্ধার হওয়ার প্রত্যাশা করছেন।



