নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

বুধবার সন্ধ্যার দিকে নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চাঁদপুর বাজার এলাকায় অবস্থিত ডা: আনোয়ারুল ইসলামের হোমিওপ্যাথি চেম্বারে প্রবেশ করে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা |প্রতীকী ছবি

নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলাম (৫৮) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাশমাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারুল ইসলাম দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে চিকিৎসাসেবা দিয়ে আসছিল। বুধবার সন্ধ্যার দিকে নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চাঁদপুর বাজার এলাকায় অবস্থিত ডা: আনোয়ারুল ইসলামের হোমিওপ্যাথি চেম্বারে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর আধুনিক জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মঈনুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছিল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা এবং কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সকল টিম রহস্য দ্রুত উদ্ঘাটনে কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।