লন্ডনে সাগরে ডুবে মা-মেয়েসহ ৩ বাংলাদেশীর মৃত্যু

ইউপি চেয়ারম্যান মামুন খান বলেন, ‘লন্ডনে সাগরে ডুবে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার পুত্রবধু, তার নাতনি ও তাদের আরেকজন আত্মীয়ের মৃত্যুর খবর পেয়েছি।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

যুক্তরাজ্যের লন্ডনের পার্শ্ববর্তী এসেক্স অঞ্চলের সমুদ্রের জোয়ারে ডুবে মা-মেয়েসহ তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের দুইজন শিশু রয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় মধ্যরাতে সমুদ্রের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রী সেলিনা রহমান (৪২), তাদের মেয়ে সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ‍্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ মনসুরের ভাই শেখ মাহফুজুর রহমান মুন্না।

তিনি জানান, লন্ডনের কলচেস্টার সিটির নিকটবর্তী ওয়েস্ট মার্সি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বাংলাদেশ সময় মধ্যরাতে সমুদ্রের পানিতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী দল, স্থানীয় পুলিশ, লাইফবোট, কোস্টগার্ড হেলিকপ্টার এবং এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকাজে সর্বাত্মক চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরো জানান, লাশ দেশে নিয়ে আসার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান বলেন, ‘লন্ডনে সাগরে ডুবে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মকন মিয়ার পুত্রবধু, তার নাতনি ও তাদের আরেকজন আত্মীয়ের মৃত্যুর খবর পেয়েছি। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক পরিবেশ সৃষ্টি হয়েছে।’