ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে
ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন। সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত মাসুদ (৪০) মিরারচর গ্রামের আসাদ মিয়ার ছেলে। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা একটি বাজারের নামকরণ নিয়ে প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আবারো উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। এছাড়া রেল চলাচলেও বিঘ্ন ঘটে। বর্তমানে ভৈরব স্টেশন থেকে ঢাকা অভিমুখে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মূছা খান বলেন, বাজারের নামকরণকে কেন্দ্র করে সকাল ৮টার দিকে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত হয়েছেন এবং উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজিমুল হক বলেন, দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি বাড়িঘরে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।