কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রশিদ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলার সোনাহাট দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, রশিদ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের রাস্তার পাশের আম গাছ থেকে আম পাড়তে যায়। একটি কাঁচা বাঁশ দিয়ে গাছ থেকে আম পাড়ার সময় বাঁশটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পল্লী বিদ্যুতের তারে লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’



