রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রেফতারের ভয়ে পুরুষশূন্য গ্রাম

এজাহার নামীয় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
এনসিপির অনুষ্ঠানে হামলার দৃশ্য
এনসিপির অনুষ্ঠানে হামলার দৃশ্য |সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) ২০ জনকে নামীয় ও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়।

এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনার পর থেকে গ্রেফতার হওয়ার ভয়ে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরাও রয়েছে আতঙ্কে।

গ্রেফতার দু’জন হলেন— দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়া।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)। ওই অনুষ্ঠানে মুখ্য সমন্বয়ক ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তবে অনুষ্ঠানে তার উপস্থিতির আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করা হয়।

শনিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ফল উৎসব অনুষ্ঠানের জন্য নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাঙচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা চারটি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।

হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহ্বায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দফতর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), মেজবাহ উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ইসলাম হিরার ছেলে তারেক মিয়া (৩২), সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩), আজমত আলীর ছেলে নাজমুল (৩০), বিড়ল বাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২৮), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাইম আহম্মদ (৩২), গোবিন্দপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দুয়ারা এলাকার সুরুজ মিয়া (৩৩), কালনী এলাকার আসিফ (২৮), রহিলা এলাকার মঞ্জুর হোসেন (৩০), রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো নামাপাড়া এলাকার সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), বেলু মিয়ার ছেলে রহিম (২১), আনোয়ার আলীর ছেলে নাদিম (২৫) ও বকুল মিয়ার ছেলে জিলানীকে (২৫)।

এছাড়া মামলায় ৮০-১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এজাহার নামীয় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।