হাটহাজারীতে বন্যার্তদের মাঝে মামুনুল হকের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাটহাজারীর বিভিন্ন এলাকার দুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ খেলাফত মজলিসের হাটহাজারী উপজেলার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
ত্রাণ বিতরণ করছেন আল্লামা মামুনুল হক
ত্রাণ বিতরণ করছেন আল্লামা মামুনুল হক |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক চট্টগ্রামের বন্যার্তদের উদ্দেশে বলেছেন, ‘এ দুর্যোগের সময় আপনারা একা নন, আমরাও আপনাদের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে আল্লাহর ওপর ভরসা রাখি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সংকট মোকাবেলা করব, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে হাটহাজারীতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত হাটহাজারীর বিভিন্ন এলাকার দুর্গত মানুষের সহায়তায় বাংলাদেশ খেলাফত মজলিসের হাটহাজারী উপজেলার উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।

তিনি বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। দুর্গতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদেরকে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস মাওলানা আলী ওসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হাবিবুল্লাহ আজাদী, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরউল্লাহ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাওলানা ওজায়ের হামিদী, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ, চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সেক্রেটারি মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী ও স্থানীয় নেতৃবৃন্দ।