দরজায় কাফনের কাপড় ও চিরকুট রেখে জামায়াতকর্মীকে হত্যার হুমকি

হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ ধরনের কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
জামায়াতকর্মী আব্দুল গফুর
জামায়াতকর্মী আব্দুল গফুর |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় জামায়াতকর্মী আব্দুল গফুরের (৬০) বাড়ির দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট রেখে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১ জুলাই) উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের হুমকি দেয়ায় পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।

নলডাঙ্গা পৌরসভার জামায়াতের মেয়র প্রার্থী ড. জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আব্দুল গফুর মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে কে বা কারা বাড়ির দরজার সামনে এসব রেখে যায়।

বিষয়টি সকলের নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। চিরকুটে লেখা রয়েছে ‘সময় থাকতে ভাল হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভাল হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো’।

ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর ও আব্দুল বারিকসহ অন্য প্রতিবেশীরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ ধরনের কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরে আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।