দামুড়হুদায় প্রতারণা ও ইয়াবা কারবারের দায়ে ৩ জনের কারাদণ্ড

সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

Location :

Chuadanga
দামুড়হুদা থানায় গ্রেফতার তিন আসামি
দামুড়হুদা থানায় গ্রেফতার তিন আসামি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বর্ণ প্রতারণার দায়ে এক নারী এবং ইয়াবা কারবারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ও রাতে দামুড়হুদা থানার পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে আসল স্বর্ণের বদলে ইমিটেশনের গয়না দিয়ে অভিযোগে জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। খুলনা খালিশপুরের বাসিন্দা ওই নারীর কাছ থেকে এক আনা দুই রতি খাঁটি সোনার রিং এবং তিন জোড়া ইমিটেশনের রিং উদ্ধার করা হয়।

আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেন।

অন্যদিকে, একই দিন রাতে উপজেলার ইব্রাহিমপুর কুলবিলা গুচ্ছগ্রাম কবরস্থানের সামনে মাদক সেবনকালে আজাবুল হক (২২) ও রিয়াজ হোসেনকে (২৯) দুই পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

পরে সংক্ষিপ্ত বিচারে বিজ্ঞ বিচারক আসামি আজাবুলকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং রিয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।