রাজশাহী ব্যুরো
বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক আলোকায়ন প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট একজন প্রকৌশলীকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড।
রাসিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য এ সফরের মাধ্যমে উন্নত ও জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতে নগর অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে এ অভিজ্ঞতা সহায়ক ভূমিকা রাখতে পারে।
সূত্রটি জানায়, এ সফরের জন্য রাজশাহী সিটি করপোরেশন বা বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড।
এদিকে, সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। তাদের মতে, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানটির সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের কোনো চলমান বা পূর্ববর্তী প্রকল্পের সম্পৃক্ততা নেই।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফরটি এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় সরকারি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। তবে এ পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি আদেশ (জিও) জারি হয়নি।
তারা আরো বলেন, সরকারি অনুমোদন পাওয়ার পরই সফর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে রাসিক প্রশাসক নিশ্চিতভাবে ফ্রান্স সফরে যাচ্ছেন—এমন প্রচার বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নগর উন্নয়ন, বিদ্যুৎ সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।



