টাঙ্গাইলের সখিপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া বাজার এলাকায় সখিপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। নিহতদের লাশ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।



