বিকল্প কর্মসংস্থানে জেলেদের ৮০টি ছাগল দিয়ে পুর্নবাসন

চলতি অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য এসব সহায়তা প্রদান করা হয়।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Fakirhat
ছাগল দিয়ে পুর্নবাসন
ছাগল দিয়ে পুর্নবাসন |নয়া দিগন্ত

বিকল্প কর্মসংস্থানে জেলেদের ৮০টি ছাগল দিয়ে বাগেরহাটের ফকিরহাটে পূর্নবাসন করা হয়েছে। জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ২০ জনের মাঝে চারটি করে মোট ৮০টি ছাগল, প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।

সোমবার (৮ জুন) দুপুরে জেলার উপজেলা মিলনায়তন চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলতি অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য এসব সহায়তা প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত থেকে উপকারভোগী জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ওষুধ বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, নদী ও জলাশয়ে মাছের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ থাকায় অনেক জেলে পরিবার আর্থিক সংকটে পড়েন। তাদের জীবনমান উন্নয়ন এবং বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উপকারভোগী জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ছাগল পালন তাদের পরিবারের অতিরিক্ত আয়ের উৎস তৈরি করবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান জানান, জেলেদের পূর্নবাসনের লক্ষ্যে ৮০টি ছাগল বিতরণ করা হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিবন্ধিত মৎস্যজীবীদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম আগামীতেও চালিয়ে নেয়া হবে।