গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পলাশবাড়ী ও সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন
পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন |ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাদুল্লাপুরে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা থেকে আসা ফাতেমা পরিবহনের একটি বাসের ধাক্কায় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই রব্বানীর নিহত হন। এ ঘটনায় তার ছেলেকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রব্বানী সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সকাল ১০টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার সাকোয়া সেতু-সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের অপর এক যাত্রী আহত হয়েছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।