শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, আমরা সবাই এ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠন আছে, যাদের মধ্যে ছাত্রদলও একটি। বিগত ১৭ বছর তাদের ওপর নানা ধরনের দমন-পীড়ন ও স্বৈরাচারী নির্যাতন চলেছে। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ক্রান্তিকালে আমি ছাত্রদলসহ অন্যান্য নিপীড়িত ছাত্রসংগঠনের পাশে ছিলাম।
তিনি বলেন, আমি শাবিপ্রবি ক্যাম্পাসকে সম্পূর্ণ বৈষম্যহীন, গণতান্ত্রিক, মেধাভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এখানে দায়িত্ব নিয়েছি।
শাবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাহাত জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম সরকারের পরিচালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো: আশরাফ উদ্দিন।
সভায় প্রক্টর অধ্যাপক মো: মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতার ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমদ ও অধ্যাপক মো: মতিয়ার রহমান, বাংলা বিভাগের অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম এবং শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহনসহ ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।



