রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকায় তীরনই নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) ও একই গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে কাউসার ও রেহেশান বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা তীরনই নদীর পাড়ে যায়। পরে কোনো একসময় তারা পানিতে পড়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজ করে শিশু দু’টির লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’



