৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেটে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘স্বৈরাচার উৎখাতের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনরুদ্ধার ও কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়
সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট মহানগর বিএনপির উদ্যোগে রেজিস্টারী মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য (এমপি) এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘স্বৈরাচার উৎখাতের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে পুনরুদ্ধার ও কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আগামী দিনে আমাদের মূল কাজ একটাই, সবকিছুর আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সবার ওপরে রেখে আমাদের কাজ করে যেতে হবে।’

৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও জুলাইয়ের আন্দোলনের স্মৃতি তুলে ধরে বাণিজ্য মন্ত্রী বলেন, ‘তরুণ, যুবক, গৃহিণীসহ সর্বস্তরের মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। এর পেছনে রয়েছে বীর শহীদদের রক্ত ও আহতদের ত্যাগ।’

তিনি জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।

এসময় মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রেজিস্ট্রি মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।