কাউখালীতে দেয়াল ভেঙ্গে স্বর্ণের দোকানে চুরি

স্বর্ণের দোকানের পিছনের দোয়ার ভেঙে নগদ ৩০ হাজার টাকা, প্রায় পাঁচ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি করেছে দুর্বৃত্তরা।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
স্বর্ণের দোকানে চুরি
স্বর্ণের দোকানে চুরি |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে দোকানের পেছনের দেয়াল ভেঙে আপন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলা সদরের দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে এ চুরি হয়।

দোকানের মালিক বাবুল কর্মকার জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের পেছনের দেয়াল ভাঙা। পরে হিসাব করে দেখা যায়, দোকান থেকে নগদ ৩০ হাজার টাকা, প্রায় পাঁচ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি হয়েছে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

ওসি আরো বলেন, ‘ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে রাতের পাহারা আরো জোরদার করতে হবে। প্রতিটি দোকান ও মার্কেটের সামনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো জ্বালিয়ে রাখার অনুরোধ করছি। কাউখালী থানা পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে।’

এদিকে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘আমি এর আগেও পুলিশ প্রশাসনকে বলেছিলাম, দক্ষিণ বাজারে রাতের পাহারা যথেষ্ট নয়। এ এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে এবং মাদকসেবী ও মাদককারবারিদের আনাগোনা রয়েছে। ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই সমিতির পৃথক সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।’

তিনি আরো অভিযোগ করেন, ‘দক্ষিণ বাজারের ভেতরে কিছু চোর ও মাদককারবারির বসবাস রয়েছে, তারাই বিভিন্ন অপরাধের মূল হোতা। কিছুদিন আগে দিনের বেলায় দক্ষিণ বাজারে সোহাগ তালুকদারের দোকান থেকে টাকা চুরির ঘটনায় নাম উল্লেখ করে অভিযোগ দেয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’