শরীয়তপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘এ দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক কল্যাণমুখী শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘আমাদের দেশে শিল্প সেক্টর থেকে শুরু করে এমন কোনো খাত নেই, যেখানে শ্রমিকের অবদান নেই। এ দেশ শ্রমিকের ঘাম ও রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে। শ্রমিকরা কেবল পেশাগত দায়িত্ব পালন করেই ক্ষান্ত হন না, ব্রিটিশ আমল থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত এ দেশের যত রাজনৈতিক অর্জন, তার পেছনে শ্রমিকদের জীবন ও রক্ত মিশে আছে। কিন্তু যাদের এত অবদান, রাষ্ট্র কি তাদের উপযুক্ত মর্যাদা দিতে পেরেছে?’
তিনি বলেন, ‘স্বাধীনতার পর দেশে অর্ধশতাধিকেরও বেশি বাজেট বাস্তবায়িত হয়েছে। প্রতিটি বাজেটে উন্নয়নের নানা কথা ও প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু শ্রমিকদের জীবনযাত্রার কোনো গুণগত পরিবর্তন হয় না। এখনো শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য রাজপথে নামতে হয়, লড়াই করতে হয়। ক্ষেত্র বিশেষে পুলিশের গুলিতে রক্ত ঝরলেও তাদের অধিকার বাস্তবায়ন হয় না।’
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বৈষম্যহীন শ্রমনীতি চালুর দাবি জানান।
ফেডারেশনের জেলা সভাপতি মো: ফরিদ হোসাইনের সভাপতিত্বে এবং সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারেকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো: আজহারুল ইসলাম, জেলা উপদেষ্টা ড. মোশাররফ হোসেন মাসুদ ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশার।



