যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে শফিউল আলম ও সাজেদুর রহমান নামে বিজিবির দুই সিপাহী আহত হয়েছেন। তারা যশোর বর্ডারগার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে তারা বজ্রপাতে আক্রান্ত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন।



