সিলেটে মহানগর জামায়াতের দাওয়াতী সভা

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইসলামই মানুষকে অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখাতে পারে।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

সিলেটে মহানগর জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরের শাহপরান পশ্চিম থানার ৩৬ নম্বর ওয়ার্ড জামায়াত এ সভা আয়োজন করে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বালুচর এলাকায় এ দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইসলামই মানুষকে অন্যায়, জুলুম ও নির্যাতন থেকে মুক্ত করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তেল-গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি খুন, ধর্ষণ, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধ জনজীবনে উদ্বেগ তৈরি করছে। এ অবস্থায় ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। ইসলাম মানুষের জীবনের সব ক্ষেত্রে ন্যায়, ইনসাফ ও মানবিকতার শিক্ষা দেয়।

মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথের দিশা পেতে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলামের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়। বরং পরিবার, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ ও মানবিকতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে একটি নৈতিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

৩৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা গোলাম রাব্বানীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ফখরুল ইসলাম ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুর রব।

সভায় ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: তারেক হাসান, সমাজসেবী ইকবাল আহমদ বাদল, সামসুল আলম, তাহের হাসান, সোহাগ আহমদ ও কলিম উদ্দিন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমাল, ইজ্জত ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করাই হবে সুশাসনের মূল ভিত্তি।