নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বাজার এলাকায় দুই গ্রুপের অস্ত্রের মহড়ার ঘটনায় একটি পাঁচ রাউন্ড গুলিভর্তি বিদেশী পিস্তলসহ চারজনকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুত্তা শ্রাবণ গ্রুপ ও নবী হোসেন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, ওসি (তদন্ত) মোক্তার হোসেন প্রমুখ।
এর আগে, সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নবী হোসেন গ্রুপের ওই চার সদস্যকে আটক করা হয়।
আটক চারজন হলেন— নবী হোসেন গ্রুপের নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)। তাদের সকলের বাড়ি তারাবো এলাকায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সাথে নবী হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পরপরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা এলাকায় আতঙ্কে সৃষ্টি করে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এই দুই গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়াসহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নবী হোসেন গ্রুপের চারজনকে গুলিভর্তি বিদেশী পিস্তলসহ আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।



