দাগনভূঞায় এক দিনে ২ যুবকের লাশ উদ্ধার

শনিবার সকালে মো: ইকবালের লাশ সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাশের পাশেই পড়েছিল তার মোটরসাইকেলটি। এর সাথে আর্জেন্টিনার পতাকাবাঁধা একটি বাঁশ।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
একইদিনে দুই লাশ উদ্ধার
একইদিনে দুই লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞা উপজেলার পৃথক স্থান থেকে এক দিনেই দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শনিবার (৬ জুন) সকালে মাতুভূঞায় সড়ক থেকে মোটরসাইকেলসহ মো: ইকবাল নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে একইদিন বিকেলে পৌর এলাকায় নিজ শয়নকক্ষ থেকে ইরফান আহমেদ রিফাত (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সড়ক থেকে উদ্ধার হওয়া যুবক ইকবালের মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয়রা। আর গৃহে পাওয়া যুবক রিফাত বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত কারণে মারা গেছেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত মো: ইকবাল উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মুনাফের ছেলে। অন্যদিকে নিহত ইরফান আহমেদ রিফাত দাগনভূঞা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের করিমপুরে ইউনুছ ডাক্তার বাড়ির আতিক উল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মো: ইকবালের লাশ সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। লাশের পাশেই পড়েছিল তার মোটরসাইকেলটি। এর সাথে আর্জেন্টিনার পতাকাবাঁধা একটি বাঁশ। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনাটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড— তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্ন উঠেছে। ইকবালের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসীরা। তবে পুলিশ এটিকে প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলছে।

এদিকে একইদিন বিকেলে দাগনভূঞা-বসুরহাট সড়ক সংলগ্ন বাড়ির নিজ শয়নকক্ষ থেকে ইরফান আহমেদ রিফাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত গত তিনি-চার দিন ধরে নিখোঁজ ছিলেন। বিকেলে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে বিছানায় তার অর্ধগলিত লাশ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি-চার দিন আগে ঘরের ভেতর বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘরে কেউ না থাকায় বিষয়টি জানা যায়নি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান পৃথক দু’টি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে দু’টির ক্ষেত্রেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।