চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পরে বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্ট তাৎক্ষণিক বিচার শেষে গ্রেফতার আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সামারি ট্রায়াল কোর্ট গ্রেফতার তিন আসামিকে দণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, চুয়াডাঙ্গা জেলা জুড়ে জিরো টলারেন্স নীতিতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে আলমডাঙ্গা থানার এসআই শীতল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর বটতলা মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে এক গ্রাম গাঁজাসহ হাউসপুর গ্রামের মো: সোহানুর রহমান (২০) নামের এক তরুণকে গ্রেফতার করে আলামত জব্দ করা হয়।
অপরদিকে, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদার ২ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টায় গড়চাপরা পূর্বপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্সিগঞ্জ জেহালা গ্রামের মো: ইয়াসিন হোসেন ওরফে হৃদয় (২০) এবং গোপালনগর গ্রামের মো: আব্দুস সালাম (২০) হাতেনাতে গ্রেফতার হন।
গ্রেফতার তিন আসামিকে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হলে আদালত রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো: সোহানুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেয়া হয়। এছাড়া অন্য দুই আসামি মো: ইয়াসিন হোসেন ওরফে হৃদয় ও মো: আব্দুস সালামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।



