সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে সাভার মডেল থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিল।
প্রত্যাহার হওয়া ওই কর্মকর্তা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান (পরিচিতি নম্বর-২৩১৪৫)। দীর্ঘদিন ধরে তাকে এবং তার টিমকে ঘিরে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে অধিদপ্তরের একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে তাকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পরিদর্শক মাসুদুর রহমানের টিমের সদস্য এসআই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে কথিত মাদক ব্যবসায়ী শামীম আটকে রেখে মারধর করেন। পরে তারা ক্ষমা চেয়ে মুক্তি পান বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া আশুলিয়ার বুড়ির বাজারসংলগ্ন একটি গাঁজার আড্ডা থেকে মাসোহারা সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির অনুসারীদের হামলার শিকার হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য। এতে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রাজাশন পালোয়ানপাড়ায় কথিত মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে গেলে দুই টেলিভিশন সাংবাদিক, তাদের ক্যামেরাপার্সন ও গাড়িচালকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তারা আহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।



