প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হল নুর বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য খুব শীঘ্রই সংশোধন করা হচ্ছে সাইবার আইন।’
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে ক্যাম্পাস পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সরকার মাদক মামলা সংশোধন করে আইন পাশ করেছে। অনলাইন অফলাইন জুয়া বন্ধের জন্য সরকার জুয়ার আইন সংশেধন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করে তোলার জন্য সরকার সাইবার আইন খুব শীঘ্রই সংশোধন করছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাশ হয়েছে। সরকার চেষ্টা করছে জনবান্ধব কর্মকান্ডের মাধ্যেমে জনগণের আশা পূরণের।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার পাঁচ বছরে এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠিকে দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়। সরকার বিদেশ গমনের জন্য শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে তি লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রম বাজারে কর্মের জায়গা তৈরী হয় আট থেকে ১০ লাখ লোকের। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ, গতানুগতিক শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর শিক্ষা দিয়ে এখনকার শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা যায় না। সেক্ষত্রে চাকরির বাজারে যেটার ডিমান্ড আছে তার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস কারিকুলামে মূল্যায়ন চলছে। সরকার ভকেশনাল শিক্ষার ওপর জোর দিচ্ছে।’
এ সময় তিনি বরিশাল ব্রজমোহন বিএম কলেজ ক্যাম্পাসের ডিগ্রি হোস্টেল পরিদর্শন করেন। পরে তিনি নবীন বরন অনুষ্ঠানে যোগদেন।
ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ব্রজমোহন কলেজের বাস্কেট গ্রাউন্ডে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক কে এম মাঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো: তাজুল ইসলামসহ ছাত্র অধিকারের অন্য নেতারা।



