ভৈরবে ট্রেনের ছাঁদ থেকে ২ ছিনতাইকারী আটক

পুলিশ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ আসামি ও ভুক্তভোগী সবুজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
আটক দুই ছিনতাইকারী
আটক দুই ছিনতাইকারী |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ছাঁদে ভ্রমণরত যাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ইকবাল (১৯) ও রিফাত (২০) নামের দুই ছিনতাইকারী ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাঁদে উঠে। ওই সময় ব্রাহ্মনবাড়িয়া থেকে সবুজ মিয়া নামের এক যাত্রী সেও ছাঁদে উঠে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছাড়ার পর দুই ছিনতাইকারী সবুজ নামের ওই যাত্রীর গলায় ধারালো ছুরি ঠেকিয়ে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনটি ছেড়ে ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ঘটনাটি ভৈরব রেলওয়ে পুলিশ অবগত হন। ট্রেনটি ভৈরব যাত্রাবিরতি না থাকায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের অবগত করা হলে তারা ট্রেন থামিয়ে দুই ছিনতাইকারীকে আটক করে এবং ভুক্তভোগী যাত্রী সবুজকেও ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করে। পড়ে পুলিশ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ আসামি ও ভুক্তভোগী সবুজকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

এ ঘটনায় পুলিশ আটককৃত দুই আসামিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচ এম আজিমুল হকের নিকট আসামিদের সোপর্দ করে। আসামিদের অপরাধ নিজ মুখে স্বীকার করায় আদালত দুই আসামিকে এক বছর করে সাজা এবং ভিকটিম সবুজ মিয়াকে বিনা টিকেটে রেল ভ্রমণের অভিযোগে ১৫০০ টাকা জরিমানা করেন।