স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করলে কৃষক নির্ধারিত মূল্যে সার পাবে : ডা: জাহিদ হোসেন এমপি

দিনাজপুরে ৯০ হাজার টন সার মজুদ রয়েছে। সরকার সারের ক্ষেত্রে ভর্তকি দেয়। যত সার তত ফসল এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অতিরিক্ত সার কোথায় যায় তা খুঁজে বের করতে হবে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি
বক্তব্য রাখছেন সমাজকল্যাণ মন্ত্রী প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি |নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, ‘সবাই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন ও সহযোগিতা করলে কৃষক সময়মত সরকার নির্ধারিত মূল্যে সার পাবে। সারের কোনো সঙ্কট নেই।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলা শিশু অ্যাকাডেমি মিলনায়তনে চলমান সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ, বিপণন বিষয়ে জেলার সার ডিলারদের সাথে জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দিনাজপুরে ৯০ হাজার টন সার মজুদ রয়েছে। সরকার সারের ক্ষেত্রে ভর্তকি দেয়। যত সার তত ফসল এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অতিরিক্ত সার কোথায় যায় তা খুঁজে বের করতে হবে।’

ডা: জাহিদ হোসেন বলেন, ‘সরকার কৃষকবান্ধব। তাই আমাদের কৃষক ও সাধারণ মানুষের কাছে দায় রয়েছে। সরকার আপনাদের সহযোগিতা চায়। আমাদের পক্ষ থেকে যতটকু সহযোগিতা দরকার তা করা হবে।’

মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা সারের উত্তোলন, মজুত ও সরবরাহের জন্য জ্বালানি তেলের ন্যায় কার্ড সরবরাহের পরামর্শ দেন। এছাড়া সার ডিলাররা বেশি দামে সার বিক্রি না করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নিকটতম সার গোদাম থেকে ডিলারদের সার সরবরাহ ও সারের কমিশন বাড়ানোর আবেদন করেন ডিলাররা।

জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো: মঞ্জুরুল ইসলাম এমপি, এ জেড এম রেজওয়ানুল হক এমপি, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আফজাল হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএডিসি (সার) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ফার্টিরাইজার এসোসিয়েশন-বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর রব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো: আতিয়ার রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব দিনাজপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ আবু তারিক এস এ সিদ্দিকী, নবাবগঞ্জের সার ডিলার হাবিবুর রহমান, হাসিবুর হাসান সরকার ও হাকিমপুরের সার ডিলার মো: আশরাফুল আলম ডাবলু।