সিলেটে হামে ১ দিন বিরতির পর ফের শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামের উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু
হামের উপসর্গে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু |ফাইল ছবি

সিলেটে একদিন মৃত্যুহীন থাকার পর ফের হামের উপসর্গে চার মাস বয়সী মিম তাহসিনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত মিম সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। শিশুটির মৃত্যুতে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৯৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৮ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭১ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে চিকিৎসাধীন ৪৯৯ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৪ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ৩৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দুইজন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৬ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধিন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছে।

এ বছর ১৫০ জন সন্দেহজনক হাম রোগে ও ১০ জন নিশ্চিত হাম রোগে মারা গেছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে সন্দেহজনক হাম রোগে ৬১ ও নিশ্চিত হাম রোগে চারজনসহ মোট ৬৫ জন, হবিগঞ্জে ১৮ ও চারজনসহ ২২ জন, মৌলভীবাজারে ১৬ ও একজনসহ ১৭ জন এবং সুনামগঞ্জে ৫৫ ও একজনসহ ৫৬ জনের মৃত্যু হয়েছে।

একদিন মৃত্যুহীন থাকার পর ফের মৃত্যু এবং একই সময়ে ১৫৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় সিলেটে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। নতুন নিশ্চিত রোগী শনাক্ত না হলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগীর চাপ অব্যাহত রয়েছে হাসপাতালগুলোতে।