নাটোরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস (রামাইগাছি) এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে ব্যাটারিচালিত অটোভ্যানচালক সাব্বির হোসেন (২৩) ও ভ্যানযাত্রী বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন (৪৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও যাত্রী ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। পরে বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকারী বাসটি রেখে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়। বাস চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ও চালকের সহকারী পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়। তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।



