আগামী ৫ সেপ্টেম্বর গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সঙ্কট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আসন্ন ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। স্বাগত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে লংমার্চের সমর্থনে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যা পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়। এ সময় নেতারা গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সঙ্কট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন।



