ধরলায় নিখোঁজ ২ আপন ভাইকে খুঁজতে দ্বিতীয় দিনের অভিযান চলছে

সোমবার সকাল থেকে ডুবুরি দল নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পাশাপাশি স্থানীয় জেলে, মাঝি ও স্বেচ্ছাসেবীরাও অনুসন্ধান কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিখোঁজ আপন দুই ভাই, (ডানে) উদ্ধার অভিযানে নদীতীরে উৎসুক জনতার ভিড়
নিখোঁজ আপন দুই ভাই, (ডানে) উদ্ধার অভিযানে নদীতীরে উৎসুক জনতার ভিড় |নয়া দিগন্ত

লালমনিরহাটের মোগলহাট এলাকায় ধরলা নদীতে নিখোঁজ হওয়া দুই সহোদর কিশোরকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সোমবার (৮ জুন) দুপুর পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন— মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাওন (১৪) ও সাব্বির (১৬)। তারা সম্পর্কে আপন ভাই।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সকাল থেকে ডুবুরি দল নদীর সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পাশাপাশি স্থানীয় জেলে, মাঝি ও স্বেচ্ছাসেবীরাও অনুসন্ধান কার্যক্রমে অংশ নিচ্ছেন।

জানা গেছে, রোববার (৭ জুন) দুপুরে তিন বন্ধু ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তারা। একজন তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নদীতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে দিনভর তল্লাশি চালিয়েও কোনো সন্ধান না পাওয়ায় রাতে অভিযান স্থগিত করা হয়। সোমবার পুনরায় অভিযান শুরু করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস। তিনি উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সদস্যদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে দুই ভাইয়ের সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানের অগ্রগতি জানতে নদীতীরে ভিড় করছেন।

উদ্ধারকারীরা আশা করছেন, নদীর স্রোতের গতিপথ বিবেচনায় সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।