ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে নিহত ১, আহত ৪

পটুয়াখালীমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।

মেহরাব হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
দুর্ঘটনাকবলিত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাহিন্দ্রটি
দুর্ঘটনাকবলিত বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া মাহিন্দ্রটি |নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বাস ও মাহিন্দ্রর মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।

আহত ইয়াসিন আরাফাত বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। নিহত ও অপর আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, সর্বশেষ তথ্যমতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, আমাদের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আমরা খোঁজখবর রাখছি। তার উন্নত চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।