পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে সন্ধ্যায় উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত সেলিম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ শান্তিরাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদরাসায় আরবি পড়াশোনা করে।
কিশোরীর মায়ের অভিযোগ, বুধবার সেলিম তার মেয়েকে মামার বাড়ি কচুয়ারপাড় এলাকায় বেড়াতে নিয়ে যান। রাতে খাবার শেষে বাড়ি ফেরার পথে কাশিরডাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। পরে তাকে নির্জন সড়কে একা ফেলে পালিয়ে যান।
ভুক্তভোগী কিশোরী পরে স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



