ফোনে কথা বলছিলেন চালক, ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

ট্রাকচালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার চেষ্টাকালে ট্রাকটি তাকে চাপা দেয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
সড়কের পাশে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে নিহতের লাশ
সড়কের পাশে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে নিহতের লাশ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মরহুম জরু মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরিতে মালামাল লোড-আনলোডের কাজ করেন। ট্রাকচালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাক নিয়ে রূপসি কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকায় গোডাউনে যাচ্ছিলেন। এ সময় ট্রাকচালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে গাড়ি চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন। ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পারাপার হওয়ার চেষ্টাকালে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ জানান, চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।