নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশে মোটরসাইকেল করে বের হলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় সুমন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নিহত কৃষি কর্মকর্তা
নিহত কৃষি কর্মকর্তা |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে সুমন শ্বশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেয়। তিনি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।