প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ না হওয়া বিগত সরকারের ব্যর্থতা : ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ বলেন, নতুনভাবে বিভিন্ন নীতিমালা নিয়ে কাজ চলছে। এর আওতায় মডেল শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) ও প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী দিনে এসব প্রশিক্ষণ উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের (ইউপিটিআই) মাধ্যমে দেয়ার পরিকল্পনা রয়েছে।

Location :

Rangpur

রংপুর ব্যুরো
এক বছরের অধিক সময় ধরে প্রাথমিক শিক্ষকদের কোনো প্রশিক্ষণ কোর্স হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ ক্ষেত্রে বিগত সরকারগুলোরও কিছু দুর্বলতা বা ব্যর্থতা রয়েছে।

শনিবার সন্ধ্যায় রংপুরে ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কার্যক্রম সংস্কার’ বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, নতুনভাবে বিভিন্ন নীতিমালা নিয়ে কাজ চলছে। এর আওতায় মডেল শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) ও প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী দিনে এসব প্রশিক্ষণ উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের (ইউপিটিআই) মাধ্যমে দেয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, চরাঞ্চলসহ দুর্গম এলাকায় শিক্ষকদের দায়িত্ব পালনে সহায়তা করতে বিশেষ ভাতা দেয়ার বিষয়টি নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। এসব এলাকায় শিক্ষক ও প্রধান শিক্ষকদের জন্য কীভাবে সহযোগিতা বা দুর্গম ভাতা দেয়া যায়, তা নীতিমালায় নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন নীতিমালার আওতায় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে দুর্গম এলাকার শিক্ষক ও প্রধান শিক্ষকদের জন্য এ ধরনের ভাতা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। খুব শিগগির ইউপিটিআইগুলো আরো সক্রিয়ভাবে কাজ শুরু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা পারভিন, পরিচালক (প্রশাসন) কামরুল হাসান, যুগ্ম সচিব ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষার উপপরিচালক আজিজুর রহমান।

রংপুর বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের পদস্থ কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।