মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বাগেরহাটের মোরেলগঞ্জে মো: শহিদ হাওলাদার নামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ, বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জ থানা, বাগেরহাট
মোরেলগঞ্জ থানা, বাগেরহাট |নয়া দিগন্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে মো: শহিদ হাওলাদার নামে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ, বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারুইখালি ইউনিয়নের পায়লাতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রবাসী শহিদ হাওলাদারের স্ত্রী উম্মে কুলসুম বেগম তার অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য বাড়িতে তালা দিয়ে মোরেলগঞ্জ বাজারে যান। রাত আনুমানিক ৯টার দিকে বাড়িতে ফিরে এসে তিনি তালা খুলে ঘরে ঢুকে দেখতে পান ঘরের কাপড়চোপড় ও বিভিন্ন মালামাল বিছানা ও মেঝেতে ছড়িয়ে রয়েছে।

পরে তিনি দেখতে পান বাড়ির পেছনের দুটি দরজা খোলা এবং দ্বিতীয় তলার দরজার তালা ভাঙা। এছাড়া প্রথম তলার স্টিলের আলমারির দরজা খোলা অবস্থায় ছিল। চোরেরা আলমারি ও লাগেজ ভেঙে নগদ প্রায় ৯৫ হাজার টাকা, চার ভরি ওজনের ছয় জোড়া স্বর্ণের কানবালা, এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, চার ভরি ওজনের চারটি স্বর্ণের চেইন, তিন ভরি ওজনের পাঁচটি স্বর্ণের আংটি, চার ভরি ওজনের একটি স্বর্ণের হার সেট, ১০ আনা ওজনের পাঁচটি স্বর্ণের আংটি, ছয় আনা ওজনের ছয়টি স্বর্ণের নাকফুল, তিনটি রুপার চেইন, তিন জোড়া নুপুর ও দুই জোড়া রুপার চুড়িসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

ভুক্তভোগী উম্মে কুলসুম বেগম বলেন, আমাদের সর্বস্ব নিয়ে গেছে। কীভাবে এত কিছু নিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত করে মালামাল ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী উম্মে কুলসুম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর রয়েছে।’