রাজবাড়ীতে ট্রেন-যানবাহন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

রোববার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া পাঁচটি বগি এসে মহাসড়কে চলাচলরত মাহেন্দ্রা, অটোরিকশা ও একটি বাসে ধাক্কা দেয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
ট্রেন-যানবাহন দুর্ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
ট্রেন-যানবাহন দুর্ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন |নয়া দিগন্ত

রাজবাড়ীতে তেলবাহী ট্রেন ও তিন যানবাহনের চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় পাকশি ডিভিশনাল মেডিক্যাল অফিসার (ডিএমও) ডা: মো: শাকিল আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিং পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যানসহ স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে তদন্ত টিম।

কমিটির অন্য সদস্যরা হলেন— পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও), বিভাগীয় প্রকৌশলী (ডিইএনওয়ান), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই ক্যারেজ) ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই লোকো)।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির সাথে বাস, মাহেন্দ্রা ও অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর খানখানাপুর লেভেল ক্রসিংয়ে রাজবাড়ী অভিমুখী ৩০ বগীসহ একটি তেলবাহী ট্রেন প্রথমে ইঞ্জিনসহ ২৫টি বগি নিয়ে রেললাইন ক্রস করে। পরে গেটম্যান রেললাইনের ব্যারিয়ার উঠিয়ে দিলে কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া পাঁচটি বগি এসে মহাসড়কে চলাচলরত মাহেন্দ্রা, অটোরিকশা ও একটি বাসে ধাক্কা দেয়।

এ সময় মাহেন্দ্রাকে প্রায় ১০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগিগুলো এবং দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এছাড়া বাসটিকেও ঠেলে নিয়ে যায় রেললাইনে।

এ সময় গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে খানখানাপুরের মনোয়ার পাটোয়ারী ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বালিয়াকান্দি শামোকখোলার আব্দুল মালেক মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন রাজবাড়ী দৌলতদিয়ার লিয়াকত, আশিক, গোয়ালন্দ মোড়ের নুরু শেখ, কল্যানপুরের নুরুল ইসলাম, কালুখালীর বিল্লাল ও খানখানাপুরের বলাই। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অ্যাসিসটেন্ট কমান্ডেন্ট মো: ফিরোজ আহম্মেদ বলেন, তদন্ত কমিটির প্রধানসহ আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সবার সাথে কথা বলছি। একইসাথে এ ঘটনায় আহতদের খোঁজখবর নেয়াসহ নিহতের পরিবারের সাথে কথা বলব। সাধারণত এ ধরনের ঘটনা খুবই কম ঘটে। হয়তো চলন্ত অবস্থায় বগির হুক (কাপলিং) কোনোভাবে খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, দ্রুত শেষ করে প্রতিবেদন পেশ করা হবে।