মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সজীব বেপারী শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের মো: হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (১৯ জুন) দুপুরের পর নিখোঁজ হয় সজীব বেপারী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। পরে বিষয়টি থানায় অবহিত করে পরিবার।
আজ সকালে বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশ দেখতে পান স্থানীয়রা। এরপর থানায় খবর দেয়া হলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



