পূর্বধলায় ধর্ষণে ব্যর্থ হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রায় দুই সপ্তাহ আগে ওই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে বাবুল মিঞার কাছ থেকে বাকিতে লাকড়ি কিনেছিলেন গৃহবধূ দেলোয়ারা। রোববার সন্ধ্যায় ওই টাকা পরিশোধ করার জন্য বাবুল মিয়ার বাড়িতে গেলে একা পেয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন বাবুল।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা
ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা |প্রতীকী ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার পল্লীতে ধর্ষণে ব্যর্থ হয়ে দেলোয়ারা (৪১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার (৩০) সন্ধ্যায় উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাঁপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ দেলোয়ারা লালচাঁপুর গ্রামের সৌদিপ্রবাসী এনামুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ওই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে বাবুল মিঞার কাছ থেকে বাকিতে লাকড়ি কিনেছিলেন গৃহবধূ দেলোয়ারা। রোববার সন্ধ্যায় ওই টাকা পরিশোধ করার জন্য বাবুল মিয়ার বাড়িতে গেলে একা পেয়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেন বাবুল। এতে গৃহবধূ প্রতিবাদ করে চলে আসতে চাইলে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে চিৎকার ও ধস্তাধস্তি শুরু করলে গায়ের ওড়না গলায় পেঁচিয়ে বাবুল মিয়া গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাকে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ফেলে রেখে পালিয়ে যান বাবুল মিয়া।

সংবাদ পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের কর্তব্যরতরা স্থানীয়দের সহায়তায় জঙ্গল থেকে গৃহবধূকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টার দিকে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দিগন্ত থেকে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।