চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দীর্ঘ প্রতীক্ষার পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একইসাথে দেশের আরো নয়টি জেলা সদর হাসপাতালে নবস্থাপিত আইসিইউ ইউনিটেরও উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব আইসিইউ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষ থেকে কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
উদ্বোধনের পরে অতিথিরা হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলায় স্থাপিত আইসিইউ ইউনিট পরিদর্শন করেন। এ সময় ফিতা কেটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ কার্যক্রমের সূচনা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর আইসিইউ চালু হওয়া জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পাশাপাশি দক্ষ জনবল নিশ্চিত করে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দিতে হবে।’
সিভিল সার্জন ডা: হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘উদ্বোধনের পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে খুব শিগগিরই আইসিইউর কার্যক্রম শুরু করা হবে। তবে এ ইউনিট পরিচালনায় দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: ফারহানা ওয়াহিদ তানি, সার্জারি কনসালট্যান্ট ডা: এহসানুল হক তন্ময়, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, চিকিৎসক ও নার্সরা।



