সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল-আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ভোলাগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত আল-আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি বলেন, ‘ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত আরেক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



