জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা স্পষ্ট করে বলি বিএনপির ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নই। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে। তারা স্বজনপ্রীতি করছে।’
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ এবং বিএনপিকে পাশাপাশি রেখে তুলনা করবেন না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর ভারতে গিয়ে দাফন হয়েছে। তাদের চাপ্টার ক্লোজ।’
তিনি বলেন, ‘বিএনপির সমালোচনা আমরা করব। তাদের চাঁদাবাজি, জমি দখলবাজি, ভূমিদস্যুতা, থানা দখল, অফিস দখলের কঠোর সমালোচনা করবো। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করবো না।’
তিনি আরো বলেন, ‘বিসিএস ভাইবাতে বিএনপি ৪০০% নম্বর বাড়িয়েছে। যেন কেউ প্রিলিতে টিকলে তাদের দলীয় কোটায় চাকরি দেয়া যায়। আমরা মনে করি বিএনপির এই পুরনো কায়দা থেকে বের হয়ে আসতে হবে। আমরা এটার যৌক্তিক সমালোচনা কররো ও বিএনপিকে এটা থেকে বের হতে হবে। যদি না হয়, আমাদের রাজপথের কর্মসূচি আরো শক্তিশালী হবে।’
এনসিপি মুখ্য সংগঠক বলেন, ‘প্রশাসনে ডিসি, এসপি, ওসি, ইউএনও সবগুলো বিএনপির নেতারা তাদের মতো করে বিএনপির অফিস থেকে চালাতে চায়। তাহলে বাংলাদেশের যে সংস্কারটা আমরা চাই সেটা সম্ভব নয়। আমরা প্রত্যাশা করি, বিএনপি এই পুরোনো চরিত্র থেকে, পুরোনো অভ্যস্ততা, পুরোনো মনস্তত্ব থেকে বের হয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা আমরা মনে করি সম্ভব হবে না।’
সরকারি পে-স্কেল বাড়ানোকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘যে বেতন স্কেল ছিল, এটা দিয়ে এখনকার দিনে একজন মানুষ ওই চাকরি করে, তার পরিবার নিয়ে কোনোদিন চলতে পারবে না। এখন আমরা ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানাব জনগণের কষ্টের অর্জিত টাকায়, ট্যাক্সের টাকায় আপনার বেতন বাড়ানো হয়েছে। আপনারা এখন আপনাদের দায়িত্বটা, পেশাদারিত্বটা, সততাটা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেবেন। এরপরও যদি আমরা দুর্নীতি দেখতে পাই, আমরা যদি টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে আগামীতে যদি আবার এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে। ওই দিন আর কেউ অফিস-টফিস করতে পারবেন না।’
এর আগে তিনি এনসিপির ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো: রাসেল মাহমুদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য কাজী সালমান, রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, আহ্বায়ক মো: মাকসুদুর রহমান প্রমুখ।



