ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস ধর্মঘটের ডাক

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইক চালকদের হামলা ও জিম্মি করার প্রতিবাদে চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আগামীকাল শনিবার থেকে এ ধর্মঘট শুরু হবে।

পরিবহন ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় এক ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেন। এর জেরে ওই চালক সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় জড়ো হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন বলে অভিযোগ রয়েছে।

তারা বাসটির চালক ও সুপারভাইজারকে মারধর এবং বাসে হামলা চালানোর পাশাপাশি তাদের জিম্মি করে রাখেন বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিবহনকর্মীদের উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা দৌলতদিয়াড় এলাকায় সড়কে বাস আড়াআড়ি রেখে অবরোধ করেন। পরে পুলিশ সুপার ও প্রশাসনের মধ্যস্থতায় ন্যায়বিচারের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন। তবে শ্রমিকদের মধ্যে ক্ষোভ রয়ে যায়।

এরই মধ্যে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার চুয়াডাঙ্গা-মেহেরপুর এবং চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে শনিবার থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ সব রুটে একযোগে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে বিকল্প হিসেবে থ্রি-হুইলার ও ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে।