সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছে জেলা ও মহানগর জামায়াত।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা ও মহানগর জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
সভায়, আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে সিসিকের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এসময় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ১১ দলের সমাবেশ আয়োজনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জামায়াতের সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন ও সাবেক কাউন্সিলার আব্দুল জলিল নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।



