সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে নতুন করে আরো সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (২ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত সাতজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে একজন রয়েছেন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২০৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ হবিগঞ্জে ৯৩ জন, সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ২১ জন ও অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডেঙ্গুর সংক্রমণ মোকাবেলায় এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একইসাথে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।



