মেহেরপুরের গাংনীর নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে মো: আরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি দল উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে গ্রেফতার করে। অভিযানে তার শয়নকক্ষ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দু’টি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ এক হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করার অভিযোগও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়। এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা করা হয়েছে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।



