শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাঠোর্ধ্ব মো: এছাহাক মৃধা নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকালে আদালতে এবং মেডিক্যাল টেস্টের জন্য ভিকটিমকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার বিধানসাগর গ্রামের শিশুকন্যার (৭) মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী বৃদ্ধ মো: এছাহাক মৃধা গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রুটি খাওয়ার প্রলোভন দিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে শিশুর মুখ ও হাত বেঁধে বৃদ্ধ মো: এছাহাক মৃধা ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য মো: এছাহাক মৃধা হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকেলে শিশুটি অসুস্থ হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায়।
খবর পেয়ে শরণখোলা থানা-পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত মো: এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের মা বাদী হয়ে মো: এছাহাক মৃধাকে আসামি করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। রোববার সকালে আসামিকে আদালতে চালান দেয়া হয়েছে এবং মেডিক্যাল টেস্টের জন্য ভিকটিমকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।



